নারী এবং সমাজ

জাহান রিমা জাহান রিমা

লেখিকা, আমেরিকা

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০ 701 views
শেয়ার করুন

আমাদের সমাজে নারী কোন অন্যায়, অপরাধ কিংবা ভুল করলে অবধারিতভাবে সব ছাপিয়ে তার পোশাক চলে আসে সামনে। এমনকি কখনো কখনো অপরাধটাও হয়ে পড়ে গৌন; মুখ্য হয়ে পড়ে তার পোশাক!

 

হায় পোশাক! মনুষ্য সৃষ্ট পোশাক। শুধুই কি শিক্ষাহীনদের অস্ত্র এই পোশাকের প্রশ্ন তুলে কথা? না। একদম তা না। দেখতে পাওয়া যায়- আড়ালে আবডালে তাও সেই পোশাকেরই ইঙ্গিত করে প্রাতিষ্ঠানিকভাবে সুশিক্ষিত হলেও স্বশিক্ষিত নয়- এমন মানুষ নামের মানুষেরাও।

আপনি নারী? আপনি প্রতিষ্ঠিত? নিজের অভিরুচিকে প্রাধান্য দেন? আরে কোথায় যাবেন আপনি!!

একটা ইতর সমাজের কেবল প্রতিষ্ঠিত একজন নারীই জানে- তার সব জানাকে, সব ত্যাগকে, সব অর্জনকে অত্যান্ত সহজ পন্থায় ডুবানোর সহজ উপায় তার পোশাক নিয়ে কথা বলা।

আপনার ভুল হয়েছে? বেশ বড় ভুল? কিংবা কেউ আপনার খুব বড় ক্ষতি করে ফেলেছে? ধর্ষণের মতো অপরাধ? আরে আপনি আর যাবেন কই!

ঐ যে এলো, হারে রে রে করে-
সেই চিরচেনা প্রশ্ন; কী পরেছে সে! টুটি চেপে ধরো; তার পোশাক অভিরুচির ঔদ্ধত্যকে। আপনি পোশাক নির্বাচনে স্বস্তিটাই আগে দেখেন? তবে তো মহাসর্বনাশ! আপনার নিজেকে উপস্থাপনের ধরণ অন্য সবার থেকে আলাদা? চারদিকে গেলো গেলো রব। হায়হায় এসব কী কথা!

আর এসব কথার জন্যই প্রিয় প্রাবন্ধিক প্রমথ চৌধুরী বহু আগে বলে গেছেন- আমাদের সমাজ এবং শিক্ষা দুটোই আমাদের ব্যাক্তিত্বের বিরোধী। সমাজ শুধু একজনকে আর পাঁচজনের মতো হতে বলে, ভুলেও কখনো আর- পাঁচজনকে একজনের মতো হতে বলে না। সমাজের ধর্ম হচ্ছে প্রত্যেকের স্বধর্ম নষ্ট করা!