আমিরাতে বাংলাদেশি দুই প্রতিষ্ঠান এইচএসসিতে “মোটামুটি সন্তোষজনক” ফলাফল করেছে
জাহাঙ্গীর কবীর বাপপি জাহাঙ্গীর কবীর বাপপি
সাংবাদিক, আবুধাবী
সংযুক্ত আরব আমিরাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন দুটি বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠান শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ এবং উত্তর আমিরাতের রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজ এবারের এইচএসসি পরীক্ষায় খুব ভাল না হলেও মোটামুটি সন্তোষজনক ফলাফল দেখিয়েছে।
আবুধাবির শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এর চেয়ারম্যান উমর ফারুক জানিয়েছেন, এবার তাঁর প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১৫ জন শিক্ষার্থী। তাঁদের সবাই কৃতকার্য হয়েছেন, পাসের হার শতভাগ। এতে এ গ্রেড পেয়েছেন ১১ জন, এ মাইনাস ৩ জন এবং বি পেয়েছেন ১ জন।
তবে এবার কেউ জিপিএ-৫ পাননি।
স্কুলের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জ্যেষ্ঠ শিক্ষক কিরণ আখতারকে তার প্রতিষ্ঠান থেকে এবারের এইচএসসি পরীক্ষায় কেউ জিপিএ-৫ না পাওয়ার পর অর্জিত ফলাফলে সন্তুষ্ট কিনা জানতে চাইলে তিনি তার নেতিবাচক উত্তর দিয়ে বলেন, ‘আমিরাতে আমাদের ভিসা বন্ধ থাকায় বাংলাদেশ থেকে ভাল শিক্ষক আনতে না পারায় আমরা পিছিয়ে পড়ছি। ‘
অন্যদিকে রাস আল খাইমাহর বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে হতে এবারের এইচএসসি পরীক্ষায় ৬ জন জিপিএ-৫ পেয়ে ভাল সাফল্য দেখিয়েছেন বলে উত্তর আমিরাতের অঙ্গরাজ্য রাসাল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক আবু তাহের মোহাম্মদ শাহনেওয়াজ জানিয়েছেন। তিনি জানান, তার প্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি পরীক্ষায় ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন অনুপস্থিত থাকার পর পরীক্ষায় অংশগ্রহণকারী ছিলেন ১৮ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ১৬ জন, পাসের হার ৮৮.৮৯ শতাংশ। কৃতকার্যদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬ জন বাকী ১০ জন পেয়েছেন এ গ্রেড। অকৃতকার্য হয়েছেন ২ জন শিক্ষার্থী। দুজনই আইসিটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন।

