আমিরাত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে শাহরিয়ার আলম এমপির বৈঠক
জাহাঙ্গীর কবীর বাপপি জাহাঙ্গীর কবীর বাপপি
সাংবাদিক, আবুধাবী
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী আহমেদ আলি আল সায়েঘ এঁর সাথে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার স্থানীয় সময় সকালে তাঁর দপ্তরে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। মন্ত্রী বর্তমানে আবুধাবিতে অনুষ্ঠিত ৫ দিনব্যাপী ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন IDEX এবং নেভাল ডিফেন্স এক্সিবিশন NAVDEX ২০২১ এ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে আবুধাবি অবস্থান করছেন।
বৈঠকে ইউএই প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের যে অগ্রগতি সাধন করেছে তার এবং কোভিড-১৯ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।
এতে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে, মুজিব শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে আমিরাতের নেতৃত্বের অংশগ্রহণ, দু’দেশের ৫০ তম জন্মজয়ন্তী উদযাপন,রোহিঙ্গা প্রত্যাবাসনে আমিরাতের অব্যহত সমর্থন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ, বানিজ্য, বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা, ইউএইতে বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগ সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্যতা পূর্ণ আলোচনা হয়।
বৈঠকে অন্যান্যদের মধ্যে ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক মহাব্যবস্থাপক এফ এম বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।


