মরুর বুকে প্রবাসী সিলেটিদের ফুটবল উন্মাদনায় মাতছেন প্রবাসীরা
পর্দা উঠল ‘সিলেট বিভাগীয় ফুটবল চ্যাম্পিয়ন লীগের
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সিলেট প্রবাসীদের মাঝে বইছে উৎসবের আমেজ। মরুর বুকে প্রবাসী সিলেটিদের মিলনমেলা আর ফুটবল উন্মাদনাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আয়োজিত হতে যাচ্ছে ‘সিলেট বিভাগীয় ফুটবল চ্যাম্পিয়ন লীগ ২০২৬’।
এই টুর্নামেন্টকে কেন্দ্র করে গত সোমবার (২৫ মে) শারজাহর একটি রেস্তোরায় জমকালো আয়োজনে টুর্নামেন্টের লগো, ট্রফি এবং চার জেলার ফুটবল দলের জার্সি উন্মোচন করা হয়েছে।
সিলেট বিভাগীয় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন আয়োজক কমিটির সদস্য সালেহ আহমদ সিআইপি ও হাজী শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সালেহ আহমদ তালুকদার। আয়োজক কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন চৌধুরী, মোঃ নাসিরুল হক ও মোঃ শাহ আলম প্রমুখ।
এসময় সিলেট কমিউনিটি নেতাদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাবিবুর রহমান চুনু, সিরাজুল ইসলাম, ডাক্তার সামছুল হক সহ আরো অনেকে।
এছাড়া টুর্নামেন্টের চারটি টিমের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলার টিম ম্যানেজার ইকবাল আহমেদ, সুনামগঞ্জ জেলার আব্দুর রশিদ , মৌলভীবাজার জেলার আলীম উদ্দিন ও হবিগঞ্জ জেলার শাহীন মিয়া।
উন্মোচন অনুষ্ঠানে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই চারটি জেলার জন্য নির্ধারিত নতুন জার্সি ও টুর্নামেন্টের ট্রফি এবং লোগো সবার সামনে তুলে ধরা হয়। অনুষ্ঠানে সিলেট বিভাগের কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং অংশগ্রহণকারী দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির সদস্যরা জানান, প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য। এছাড়া, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে ফুটবলকে জনপ্রিয় করা এবং আঞ্চলিক সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্য নিয়েও এই টুর্নামেন্ট সাজানো হয়েছে। টুর্নামেন্টটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ১৩ সদস্যের একটি শক্তিশালী কমিটি মাঠ ব্যবস্থাপনা ও প্রচারণার কাজ পরিচালনা করছে।
টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা আগামী ২৯, ৩০ ও ৩১ মে শারজাহর ‘ওয়ান্ডারার্স স্পোর্টস ক্লাব’ ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে।
মরুর বুকে ফুটবলারদের এই লড়াইকে সার্থক করতে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সিলেট বিভাগের সকল প্রবাসীদের গ্যালারিতে উপস্থিত থেকে প্রিয় দলকে সমর্থন জানানোর জন্য বিশেষ আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি।
সিলেটের চার জেলার ফুটবলারদের এই প্রতিদ্বন্দ্বিতা দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রবাসী ক্রীড়াপ্রেমীরা।


