আমিরাতে ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, মে ২৮, ২০২৬ 43 views
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে উদ্যোক্তা তৈরির প্লাটফর্ম ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ‘ইউনিক দুবাই টিম’-এর উদ্যোগে বর্ণিল আয়োজনে পালিত হয়েছে ঈদ পুনর্মিলনী।

বৃহস্পতিবার শারজাহের একটি স্থানীয় রেস্তোরাঁয় আয়োজিত এই মিলনমেলায় ফাউন্ডেশনের সদস্য ও শুভানুধ্যায়ীরা একত্রিত হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের কোর ভলান্টিয়ার ও মডারেটর রাসেল আকন্দ। কান্ট্রি অ্যাম্বাসেডর ও মডারেটর বুলবুল আহমেদ, হাসেম খন্দকার ও সৌরভ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াইজার গেইটস টেকনোলজি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট বিস্ময় রেজা তব, লন্ডন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক সফি ও সিইও সীমা ইসহাক সফি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আমির হামজা এবং ফাউন্ডেশনের শপথ বাক্য পাঠ করান নূর ইসলাম। এরপর উপস্থিত সকলের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দেশপ্রেমের এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কোর ভলান্টিয়ার ও কান্ট্রি অ্যাম্বাসেডর সঞ্জিত কুমার।

অনুষ্ঠানে বক্তারা ফাউন্ডেশনের লক্ষ্য, উদ্দেশ্য এবং এর ইতিহাস ও ঐতিহ্যের ওপর আলোকপাত করেন। এ সময় আবুল হাশেম খন্দকার ও মোশারফ হোসেনসহ উপস্থিত সদস্যরা ফাউন্ডেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশন প্রবাসীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে যে ভূমিকা রাখছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের পুনর্মিলনী সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন ও অনুপ্রেরণা আরও সুদৃঢ় করবে।

আয়োজনটি সফল করতে ইউনিক দুবাই টিমের সকল স্বেচ্ছাসেবক ও সদস্যদের আন্তরিক প্রচেষ্টাকে সাধুবাদ জানানো হয়।

পরিশেষে নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদ ইকবাল বাহার এর জন্মদিনের কেক কেটে উদযাপন, মধ্যাহ্নভোজ ও পারস্পরিক কুশল বিনিময়ের মাধ্যমে এবং সভাপতি মোহাম্মদ রাসেল আকন্দের সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে উৎসবমুখর এই আয়োজনের সমাপ্তি ঘটে।