কর্ণিয়া ও সাদীর ইচ্ছে হলে…

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জুন ৯, ২০২১ 648 views
শেয়ার করুন

‘পাওয়ার ভয়েস’খ্যাত সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া প্রথমবারের মতো কণ্ঠ মেলালেন ‘ললনা’খ্যাত গায়ক শেখ সাদীর সঙ্গে। ‘ইচ্ছে হলে’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল।

অডিওর পর গানটির ভিডিও তৈরির কাজও শেষ। ভিডিওটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরার একটি বাড়িতে। জেডএম স্টুডিওর ব্যানারে ভিডিওটি নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রোমন।

কর্ণিয়া বলেন, ‘একদম ভালোবাসার একটি গান এটি। নিজ উদ্যোগেই গানটি তৈরি করেছি। সুর হওয়ার পর ভাবছিলাম কার সঙ্গে দ্বৈত করা যায়। তখনই জুয়েল মোর্শেদ ভাই শেখ সাদীর কথা বলেন। আমার কণ্ঠের সঙ্গে মানিয়ে সে দারুণ গেয়েছে।’

এই গায়িকা আরও বলেন, ‘ইচ্ছা ছিল আউটডোরে গানটির ভিডিও করব। কিন্তু করোনার কারণে তা আর সম্ভব হয়নি। ইনডোরে শুটিং হলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো কিছু করার। আশা করি শ্রোতারা পছন্দ করবেন।’

শেখ সাদী বলেন, ‘কর্ণিয়া আপুর কণ্ঠ চমৎকার। তার সঙ্গে গানটি গাইতে পেরে ভালো লাগছে। আমার ভক্তরাও এটি পছন্দ করবেন বলে বিশ্বাস।’

কর্ণিয়া জানালেন আগামী ১০ জুন, বৃহস্পতিবার সন্ধ্যায় কর্ণিয়ার নিজ ইউটিউব চ্যানেলে গান-ভিডিওটি উন্মুক্ত করা হবে।