নায়ক রাজ রাজ্জাকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০ 658 views
শেয়ার করুন
বাংলা সিনেমার প্রাণপুরুষ নায়ক রাজ রাজ্জাক। সব বাঁধন ছেড়ে আজ থেকে তিন বছর আগে ২০১৭ সালে ২১ আগস্ট না ফেরার দেশে, বসত গড়েছেন সিনেমা ভুবনের মহানায়ক। আজ তার ৩য় মৃত্যুবার্ষিকী।
 
তার পুরো নাম ছিল আব্দুর রাজ্জাক। চলচ্ছিত্রে তিনি শুধু রাজ্জাক বলেই আবির্ভূত হন। চলচ্চিত্রের পথচলায় একের পর এক সাফল্যকে মুঠোবন্দি করতে করতে একসময় তিনি হয়ে ওঠেন অনন্য এক মানুষ। তার অভিনয়ের ঔজ্জ্বল্যে তিনি হয়ে উঠেছিলেন কিংবদন্তি। অভাবনীয় সাফল্যের গুণে তিনি ভূষিত হন ‘নায়করাজ’ উপাধিতে। আর এ উপাধি তাকে দিয়েছিলেন প্রয়াত খ্যাতিমান সাংবাদিক চিত্রালি সম্পাদক আহমদ জামান চৌধুরী।
 
রাজ্জাক ১৯৪২ সালের ২৩শে জানুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর হোসেন ও মাতার নাম নিসারুননেছা। রাজ্জাকরা ছিলেন নাকতলা এলাকার জমিদার। তিনি কলকাতার বাশদ্রোণীর নিকটে খানপুর হাইস্কুলে পড়াশুনা করেন। অভিনয়ের জন্যই তিনি জন্মে ছিলেন তাই বলেই হয়তো তার শিক্ষক রবীন্দ্রনাথ চক্রবর্তী তাকে মঞ্চনাটকে কেন্দ্রীয় চরিত্রের জন্য বেছে নেন। সপ্তম শ্রেণিতে পড়ার সময়েই শিশু-কিশোরদের নিয়ে লেখা মঞ্চ নাটকে বিদ্রোহীতে গ্রামীণ কিশোর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়েই নায়ক রাজের অভিনয়ে পথচলা শুরু। অভিনয়কে ভালবেসে ১৮ বছর বয়সে পালিয়ে মুম্বাইয়ে পাড়ি জমান রাজ্জাক। কিন্তু সুবিধা করতে পারেননি। ফিরে আসেন বাড়িতে।
 
এদিকে দিনটিতে তাকে স্মরণ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করবে বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। তিনি বলেন, শনিবারে আমরা কোরআন খতম ও মিলাদ পড়াব। তবে আজকে আমরা তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাব এবং কবর জিয়ারত করব।’
 
এদিকে পারিবারিকভাবেও দিনটিতে মহান এই চলচ্চিত্র ব্যক্তিত্বকে স্মরণ করা হবে বলে জানিয়েছেন নায়করাজের ছোট ছেলে চিত্রনায়ক খালিদ হোসেন সম্রাট। তিনি বলেন, ‘আব্বা নেই এটা আমরা কখনও বলি না। তিনি আমাদের মাঝে সবসময় বিরাজমান। তার দেখানো পথেই আমরা চলছি।
 
প্রতিবছরের মতো আমরা পারিবারিক সিদ্ধান্তে তার আত্মার মাগফিরাত কামনা করে কিছু আয়োজন করি। ধর্মীয় কিছু বিষয়াদি আছে, যেগুলো আমরা পারিবারিকভাবেই পালন করি।’ এ ছাড়া চ্যানেল আই নায়করাজের স্মরণে বিশেষ আয়োজন করবে বলে জানা গেছে।