আগামী আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ডের মাটিতে তিন টেস্ট ও সমানসংখ্যক টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান ক্রিকেট দল। সে লক্ষ্যে চলতি মাসের শেষদিকেই ইংল্যান্ডে চলে যাবেন পুরো দল। কেননা সেখানে তাদের থাকতে হবে বাধ্যতামূলক আইসোলেশনে এবং সেখানেই হবে অনুশীলন ক্যাম্প।
এ সফরের আগে বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে পাকিস্তানের ক্রিকেটারদের। আগামী ২৮ জুন বিশেষ ভাড়া করা চাটার্ড ফ্লাইটে ওঠার আগে তিনদিনের ব্যবধানে দুইবার করোনা পরীক্ষার মুখোমুখি হবেন বাবর আজম, সরফরাজ আহমেদরা।
পাকিস্তানের ক্রিকেট বোর্ডের ঘনিষ্ঠ সুত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানাচ্ছে, আগামী সোমবার (২২ জুন) প্রথমবার এবং বুধবার (২৪ জুন) দ্বিতীয়বার হবে করোনা পরীক্ষা। মূলত এ কারণেই ২৯ জনের বিশাল স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
পিসিবি সুত্র বলেছে, ‘খেলোয়াড় এবং টিম ম্যানেজম্যান্টের প্রথম পরীক্ষাটা হবে তাদের নিজ নিজ শহরে বা বাসস্থানে। পরে সবাই বুধবারে লাহোরে এসে একত্রিত হবে। যেখানে বোর্ড একটি ফাইভ-স্টার হোটেলে সবার জন্য সুরক্ষিত পরিবেশের ব্যবস্থা করছে। চাটার্ড ফ্লাইটে ওঠার আগে সবাই সেখানেই থাকবে।’
সেই সুত্র আরও বলেছে, ‘দ্বিতীয় পরীক্ষাটি হবে লাহোরে। তখন যদি কোন খেলোয়াড় পজিটিভ হন, তবে তাকে ইংল্যান্ডে নেয়া হবে না। এজন্যই মূলত রিজার্ভ স্কোয়াড ঘোষণা করা হয়েছে।’


