‘ডোপ টেস্টে পজিটিভ হলে সরকারি চাকরি হবে না’

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১ 659 views
শেয়ার করুন

ডোপ টেস্টে কেউ পজিটিভ হলে তিনি সরকারি চাকরি পাবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে অনুমোদন দিয়ে দিয়েছেন, সরকারি চাকরি পেতে হলে প্রত্যেককে ডোপ টেস্টের আওতায় আসতে হবে।

 

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মাদকদ্রব্য নেশা নিরোধ সংস্থা মানস আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী অন্তর্জাতিক দিবস ২০২১ উপলক্ষে এক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু নিয়োগ প্রার্থীরা না, যারা ইতোমধ্যে যোগদান করেছেন আমরা তাদেরও ডোপ টেস্টের আওতায় নিয়ে আসছি। বিশেষ করে আমাদের নিরাপত্তা বাহিনীতে যারা আছেন তাদের ডোপ টেস্ট করা হচ্ছে।

 

তিনি বলেন, ডোপ টেস্টে যাদেরকে আমরা পজিটিভ পাচ্ছি, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি। আমরা ২০৩০ ও ২০৪১ সালের যে স্বপ্ন দেখছি, সেটি বাস্তবায়ন হবে না যদি আমরা সবাই মাদকের বিরুদ্ধে কাজ না করি।