সৈয়দপুরে মাদকদ্রব্য ট্যাপেনটাডল বিক্রির দায়ে ফার্মেসি মালিকের কারাদন্ড

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০ 592 views
শেয়ার করুন

 

নীলফামারীর সৈয়দপুরে মাদকদ্রব্য ট্যাপেনটাডল বেচাকেনা করার অপরাধে উমর ফারুক নামের এক ফার্মেসি মালিকের জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ত চিকিৎসার আড়ালে সে দীর্ঘদিন ধরে ওই মাদক ব্যবসা পরিচালনা করছিল।

সোমবার ( ৫ অক্টোবর) দুপুরে শহরের গোলাহাট মাংস বাজার সংলগ্ন কালাম ডেন্টাল ফার্মেসীতে ওই অভিযান পরিচালনা করা হয়।

মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদ জানান, গোপন সংবাদে তাঁরা জানতে পারেন গোলাহাট এলাকায় ডা. আবুল কালাম আজাদের মালিকানাধীন কালাম ডেন্টাল ফার্মেসীতে দন্ত চিকিৎসার আড়ালে দীর্ঘদিন ধরে নেশাজাতীয় নিষিদ্ধ ট্যাবলেট ট্যাপেনটাডল বেচাকেনা করা হচ্ছে। সোর্সের দেয়া এমন সংবাদে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রমিজ আলমের নেতৃত্বে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় দোকানের রেক থেকে ৩০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক করা হয় বোতলাগাড়ি ইউনিয়নের পুর্ব বোতলাগাড়ি কাচারি এলাকার কাশেম আলীর ছেলে উমর ফারুক (৩০) কে।
পরে সেখানে আদালত বসিয়ে মাদক হিসেবে ঘোষনা করা নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেট বিক্রির দায়ে উমর ফারুককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতের ওই রায় ঘোষণা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.রমিজ আলম।