এবারে দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে করতে পারবে: গয়েশ্বর
তাজা খবর: এবারে শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পালন করতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে সাভারের পঞ্চবটি এলাকায় সাভার পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপে নগদ অর্থ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ বিভাজন সৃষ্টি করে দেশের মানুষের মাঝে নানা হাস্যকর জনরোষ সৃষ্টি করেছিল কিন্তু তারা এখন দেশ থেকে পালিয়ে গেছে দেশের মানুষ বর্তমানে ভালো আছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, সাভারে দীর্ঘদিন ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান সকলে মিলে বসবাস করে আসছি। আসন্ন দূর্গা পূজা সকলে মিলে আনন্দঘন পরিবেশে পালন করা হবে।
সাভার পৌরসভার মেয়র প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে আসন্ন দুর্গাপূজার সকল মন্ডপ সুশৃংখলভাবে পূজা পালনের সহযোগিতা করে যাবো। দূর্গা পূজার সময় কোন ধরনের বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


