কক্সবাজারে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ ৪ ডাকাত আটক

শাহীন মাহমুদ শাহীন মাহমুদ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০ 759 views
শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দেশে তৈরি ৬টি অস্ত্র, ১০ রাউন্ড তাজা কার্তুজ ও অন্যান্য সরঞ্জামসহ ‘ডাকাত দলের’ ৪ সদস্যকে আটক করেছে বিজিবি। বিজিবির দাবি, ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়েছে। এসময় ডাকাত চক্রের আর ৬/৭ জন পালিয়ে গেছে।

শুক্রবার রাত থেকে আজ শনিবার ভোর রাত পর্যন্ত টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামরী গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

আটকরা হলো, উলুচামরি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে নুরুল আমিন (৩২), মৃত মো. শফির ছেলে আনোয়ার হোসেন (২১), মৃত রুহুল আমিনের ছেলে জাফর আলম (৪২) ও রঙ্গিখালী গ্রামের মৃত মোজাফ্ফর আহমেদের ছেলে নজির আহম্মদ (৫০)।

বিজিবি টেকনাফের ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, বিশ্বস্ত সূত্রে বিজিবি জানতে পারে উলুচামরি গ্রামের একটি সংঘবদ্ধ ডাকাতদল আগ্নেয়াস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে ডাকাতদলের সদস্য নুরুল আমিনের বাড়িসহ ৪টি বাড়িতে অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

এর পরিপ্রেক্ষিতে বিজিবির একটি দল শুক্রবার রাত থেকে সেখানে অভিযান চালায় এবং বাড়িগুলো চার দিক থেকে ঘেরাও করে ফেলে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মৃত নুরুল আমিনের পুত্র জাফর আলমের বসতঘরসহ আরও ২টি বসতঘর থেকে ৬/৭ জন ডাকাত পালিয়ে যায়।

তবে টহল দল নুরুল আমিনের বাড়ি থেকে ৪ জনকে আটক করতে সক্ষম হয়। পরে বসতবাড়ি তল্লাশি করে ৬টি দেশে তৈরী এক নলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৯ রাউন্ড গুলির খোসা, চার রাউন্ড রাইফেলের এ্যামুনেশন, চার রাউন্ড এলএমজি এ্যামুনেশন, চার রাউন্ড প্যারাসুট ফ্লেয়ার, একটি পুলিশ বেল্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।