চলচ্চিত্রের বরপুত্র সালমান শাহের ৪৯তম জন্মদিন ছিলো আজ (১৯ সেপ্টেম্বর)। এ নিয়ে অবশ্য কোথাও তেমন কোনও আনুষ্ঠানিকতা চোখে পড়েনি। তবে বরাবরের মতো এবার ব্যতিক্রম সালমান শাহের ভক্তকূল। ফেসবুকভিত্তিক টিম সালমান শাহ গ্রুপের পক্ষ থেকে কাটা হয়েছে কেক, বিতরণ হয়েছে মিষ্টি। কারণ, তাদের প্রিয় নায়কের জন্মদিন ।
শনিবার বিকাল ৫টায় ধানমন্ডি লেকে আয়োজিত ছোট পরিসরের এই আয়োজনে বিশেষ কোনও তারকা বা ব্যক্তির উপস্থিতি ছিলো না। বরং উপস্থিত ছিলো অর্ধ শতাধিক পথশিশু! আর তাদের নিয়ে কেক কাটেন টিম সালমান শাহ-এর প্রধান মাসুদ রানা নকীব। সঙ্গে উপস্থিত ছিলেন টিমের অন্য সদস্যরাও।
মাসুদ রানা নকীব বলেন, ‘আমাদের নায়ক নেই। তাকে ঘিরে এখন আর কোনও আনুষ্ঠানিকতাও নেই। তাই বলে আমরা তো হাত গুটিয়ে ঘরে বসে থাকতে পারি না। তাই প্রিয় নায়কের জন্মদিনটা উদযাপন করলাম পথশিশুদের নিয়ে।
প্রসঙ্গত, গেল ২৪ বছর ধরেই সালমান শাহ’র মৃত্যু-রহস্য উদঘাটনের জন্য দাবি জানিয়ে আসছে টিম সালমান শাহ। তারই ধারাবাহিকতায় গেল ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে ব্যানার-ফেস্টুন নিয়ে একাই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়ান মাসুদ রানা নকীব। এদিন তিনি প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানিয়েছেন, প্রিয় নায়ক ‘হত্যা’র পূর্ণ তদন্তের।


