নীলফামারীর সৈয়দপুর সরকারি খাদ্য গুদামে নিম্নমানের চাল গুদামজাতকরণসহ নানা অনিয়ম তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে জেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
নীলফামারী জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভূঁইয়া ১৪ সেপ্টেম্বর সাংবাদিকদের জানান, খাদ্য গুদামে নিম্নমানের চাল গুদামজাত করার সময় খবর পেয়ে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম সেই চাল ফিরিয়ে দেন। ঘটনাটি খাদ্য বিভাগের নজরে এলে সৈয়দপুর খাদ্য গুদামের সামগ্রিক অবস্থা তদন্তের জন্য ওই কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির আহবায়ক করা হয়েছে জলঢাকা খাদ্য নিয়ন্ত্রক জগদীশ চন্দ্র সরকারকে। কমিটির অন্য দু’জন হলেন কিশোগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সালেহ ইবনে মিজান ও কারিগরি খাদ্য পরিদর্শক আবদুল্লাহ আরেফিন। তিনি আরও জানান, প্রতিবেদনে কোন অনিয়ম পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


