বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী আলোকিত সিলেটেকে আরো আলোকিত করতে ও কারিগরি শিক্ষা ক্ষেত্রে উচ্চশিক্ষার সুযোগ মানুষের দোরগোড়ায় নিয়ে আসতে দেশে প্রথমবারের মত বেসরকারি উদ্যোগে প্রতিষ্টিত হতে যাচ্ছে কারিগরি বিশ্ববিদ্যালয়। বেসরকারি উদ্যোগে কারিগরি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা হলেও কোন কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়নি। প্রথমবারের মত সিলেটে আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে নগরীর উপকন্ঠ টিবি গেইট এলাকার আরটিএম কমপ্লেক্সে “আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি” নামে যাত্রা শুরু করবে প্রতিষ্টানটি।
বিশ্ববিদ্যালয়টি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিক এর প্রধান পৃষ্ঠপোষক ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান “রিচার্স ট্রেনিং এন্ড ম্যানেজমেন্ট” (আরটিএম) ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবিরের উদ্যোগে প্রতিষ্টিত হতে যাচ্ছে। কারিগরি এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে এ অঞ্চলে দক্ষ জনশক্তি গঠনে সহায়ক ভুমিকা রাখবে।
এদিকে বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে এর অনুমতি প্রদান করে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর সম্মতি প্রদান করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আ,ন,ম,তরিকুল ইসলাম স্বাক্ষরিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ (শাখা-১৭) এর ৩৭.০০.০০০০.০৭৮.১০.০০৮.২০২০-৮৩ নং স্বারকে এ অনুমতি প্রদান করা হয়। ব্যতিক্রমধর্মী এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিশ্বমানে কারিগরি শিক্ষার মাধ্যমে সরকারের মানবসম্পদ উন্নয়ন কর্মসূচি অগ্রাধিকার পাবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।


