নীলফামারীর ডোমারে কমিটি গঠনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিনিধি সম্মেলনে দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে। প্রায় আধাঘন্টা ধরে চলা মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ায়। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে প্রতিনিধি সম্মেলন সম্পন্ন হয়।
সোমবার বিকেল ৪ টার দিকে উপজেলার নাট্য সমিতি মিলনায়তনে সম্মেলনের স্থানে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় বাটার মোড়ে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ গাড়ী থেকে নামার সাথে সাথেই ডোমার উপজেলা ও পৌরসভার কমিটিকে ভুয়া কমিটি বলে শ্লোগান দিতে শুরু করে একাংশ। অতিথিরা মঞ্চে প্রবেশ করলে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দু’পক্ষের শুরু হয় মারামারি। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও স্বল্প সময়ে অনুষ্ঠান শেষ করে অতিথি বৃন্দ।
সম্মেলনে জেলা যুবদলের সভাপতি এএইচএম সাইফুল্লাহ রুবেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন চৌধুরী পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রুহুল আমিন আকিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (রংপুর বিভাগ) চৌধুরী মুহাম্মদ মহেবুল্লাহ আবু নুর, কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক রেজা পাহলভী মাসুম, সহ-সম্পাদক জিএস বাবুল, সহ-সাধারণ সম্পাদক (রংপুর বিভাগ) নাজমুল আলম নজু, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মাহফুজ-উন-নবী ডন প্রমূখ।
বিক্ষুব্ধ একাংশের নেতাকর্মীরা বলেন, ২০১৮ সালে উপজেলা যুবদলের একটি কমিটি ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত তারা কোন কার্যক্রম করতে পারে নাই কর্মীদের বাঁধায়। আবারো তাদের কমিটিতে আনার একটি ষড়যন্ত্র চলছে। তাই আমরা প্রতিবাদ করেছি।


