রাজশাহীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০ 535 views
শেয়ার করুন
রাজশাহীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজশাহীর অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ এ রায় ঘোষণা করেন।
 
দণ্ডিত ব্যক্তির নাম আবদুল রহমান (৫০)। তার বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার তসোপাড়া গ্রামে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
 
এর আগে ২০১৪ সালের ১৯ অক্টোবর সকালে বাড়ির পাশের পুকুর থেকে তার স্ত্রী রাশেদা বিবির (৪৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাশেদা বিবির ভাই মনসুর রহমান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে আদালত এ রায় দিলেন।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী মকবুল হোসেন খান জানান, আবদুর রহমান পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রাশেদা বিবির মাথায় আঘাত করে হত্যা করে। এরপর মরদেহ পুকুরে ফেলে দেন। যেটি প্রমাণ হওয়ায় এ রায় দিয়েছেন আদালত।