রাজশাহীতে মাজারে মাদকদ্রব্য সেবনের সময় হাতেনাতে ওয়ার্কার্স পার্টির এক নেতাসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১১ টার দিকে নগরীর ছোটবনগ্রাম এলাকার মাদার শাহ মাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক সেবনের নেতৃত্বে ছিলেন মো. সোহেল বাবু। তিনি নগরীর চন্দ্রিমা থানা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য ও ১৯ নম্বর ওয়ার্ড সভাপতি। এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগে পিয়ন হিসেবে কর্মরত। বাকিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ওয়ার্কার্স পার্টি নেতা সোহেল মাদক সেবনের দায়ে এর আগেও ৪-৫ বার গ্রেপ্তার হয়েছিলেন। এরমধ্যে দুইবার টাকার বিনিময়ে থানা থেকেই ছাড়িয়ে নেন। আর বাকি কয়েকবার আদালত থেকে জামিনে বেরিয়ে এসে আবারও মাদকের সাথে জড়িয়ে পড়েন। সবশেষ শুক্রবার রাতে আবারও গ্রেপ্তার হলেন তিনি।
চন্দ্রিমা থানার ওসি সিরাজাম মুনির জানান, শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


