রাজশাহীতে ড্রেনের পানিতে ভাসছে টাকা

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০ 1,271 views
শেয়ার করুন
রাজশাহী নগরীতে ড্রেনের পানিতে ভেসে আছে হাজার হাজার টাকা! টাকার জন্য ড্রেনে নেমেই পড়েছেন অর্ধশতাধিক মানুষ। ভীড় জমেছে শত শত মানুষের।
 
ঘটনাটি শনিবার (২২ আগস্ট) বেলা ৩টার।রাজশাহী রেলওয়ে অফিসার্স মেস ভবন সংলগ্ন ড্রেনে এমনটাই দেখা গেছে। যেখানে ভেসে ছিল ৫ টাকা থেকে ১ হাজার টাকার অসংখ্য নোট।
 
জানা গেছে, টাকাগুলো রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের। সেগুলো পুরনো কাগজপত্রের ভেতর ছিল। নগরীর শিরোইল এলাকায় সড়ক পরিবহন গ্রুপের কার্যালয়। শনিবার দুপুরে সেখান থেকেই কাগজের সঙ্গে খেয়াল না করে টাকাগুলোও ফেলে দেয়া হয়েছিল।
 
খবর শুনে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরাও ড্রেনের কাছে ছুটে যান। পরে তারা টাকার রহস্য খুঁজে পান।
 
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। প্রথমে টাকা কোথা থেকে এলো তা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এর রহস্য জানা যায়।
 
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, আমরা খুবই বিব্রতকর অবস্থায় পড়ে গেছি। ভাবতেই পারিনি পুরনো কাগজের ভেতর টাকা থাকতে পারে। তিনি বলেন, কাগজগুলো ২০১০ সালের আগের। পঁচে গেছে। পোড়ানোর উপায় নেই। তাই ড্রেনে ফেলে দেয়া হয়। পরে ড্রেনে টাকা পাওয়ার খবর শুনে আমরাও সেখানে যাই। তারপর ঘটনা দেখি। তিনি বলেন, সব মিলিয়ে দুই-তিন হাজার টাকা থাকতে পারে। কিন্তু খবর ছড়িয়েছে লাখ লাখ টাকা।