রুয়েটের করোনা চিকিৎসায় রোবট ‘সিতারা’

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০ 877 views
শেয়ার করুন
করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা এবং চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিতে রোবট উদ্ভাবন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ৭ শিক্ষার্থী। এতে মিলবে করোনা রোগের যেকেনো সেবা। এই রোবটটির মাধ্যমে হাসপাতালের ওয়ার্ডে না গিয়েই কোভিড-১৯ পজিটিভ রোগীদের সেবা প্রদান করতে পারবেন চিকিৎসক ও নার্সরা।
 
এরইমধ্যে রোবটটির প্রাথমিক ট্রায়াল সম্পন্ন হয়েছে। এখন হাসপাতালে এর ব্যবহার শুরুর অপেক্ষায় উদ্ভাবকরা। নারীর আদলে তৈরি এ রোবটটির নামকরণ করা হয়েছে মুক্তিযোদ্ধা সেতারা বেগম বীর প্রতিকের নামে। তিন মাস চেষ্টার পর এ রোবট উদ্ভাবন করতে পেরেছেন তারা। রুয়েটের কম্পিউটার সায়েন্সে এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বশির আহম্মেদের সার্বিক সহায়তায় উদ্ভাবনকারী রুয়েটের প্রাক্তন ওই ৭ শিক্ষার্থীর নের্তৃত্বে ছিলেন- কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহিদা আফরিন, মেকানিক্যাল বিভাগের কেএম ফারহাদুল ইসলাম ও সাকিব রহমান।
 
উদ্ভাবনকারীরা জানান, রোবট সিতারার সাহায্যে করোনা আক্রান্ত রোগীর শরীরের তাপমাত্রা পরিমাপ, ওষুধ ও খাবার সরবরাহ এবং চিকিৎসকের সাথে সরাসরি ভিডিও চিত্র ও বার্তা আদান-প্রদান করা যাবে। যেটি ইন্টারনেট সংযোগের মাধ্যমে মোবাইল অ্যাপস দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব।
 
তারা আরও জানান, সম্প্রতি রোবটটির ট্রায়াল পিরিয়ড সম্পন্ন হয়েছে। এটিকে আরো আপডেট করতে ভিন্ন আরেকটি রোবট তৈরীর কাজ চলছে। করোনা রোগীদের চিকিৎসার জন্য সেবা প্রদান সেটিকে হাসপাতালে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলেও তারা জানিয়েছেন।
 
এবিষয়ে রুয়েটের উপাচার্য ড. রফিকুল ইসলাম সেখ বলেন, করোনাকালে উদ্ভাবিত রোবটটি হাসপাতালগুলোতে ব্যবহার করা হলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।