রামেক হাসপাতালে পাঁচ দিন পর করোনা টেস্ট শুরু

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২০ 667 views
শেয়ার করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) পিসিআর ল্যাবে আবারও করোনা ভাইরাসের পরীক্ষা শুরু হয়েছে। টানা পাঁচ দিন বন্ধ থাকার পর শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ল্যাবটিতে পরীক্ষা শুরু হয়। এদিন ৯৪ জনের নমুনার ফলাফল প্রকাশ হয়েছে। এতে পজিটিভ এসেছে ১৮ জনের।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৯৪ জনের মধ্যে ১৮ জনের পজিটিভ এসেছে। এদের মধ্যে ১০ জন রামেক হাসপাতালের চিকিৎসক ও রোগী। এছাড়া তিনজন পুলিশ সদস্য, দুইজন র‌্যাব সদস্য, নগরীর দুই এলাকার দুইজন এবং জেলার দুর্গাপুর উপজেলার দুইজনের করোনা রিপোর্ট পজিটিভ শনাক্ত হয়েছে।

ল্যাবটিতে সপ্তাহখানেক থেকে করোনা পরীক্ষায় বিঘ্ন ঘটে। সর্বশেষ ২ আগস্ট ল্যাবে ৯৪ জনের করোনা পরীক্ষা হয়। এদিকে পরীক্ষায় শতভাগ পজিটিভও আসে। ফলে কোভিড-১৯ পরীক্ষা বন্ধ করে দেয়া হয়। গত ৩১ জুলাই পিসিআর মেশিনের ত্রুটির কারণে ৯৪ টি নমুনার সবগুলোই পজিটিভ দেখায়। তবে যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা হতে পারে মনে করে সেদিনের ওই ফলাফল ঘোষণা করা হয়নি। এরপর ১ ও ২ আগস্ট নমুনা পরীক্ষা করা হয়। কিন্ত মেশিনে আবারও ত্রুটি দেখা দেয়।

এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, পিসিআর মেশিনে ত্রুটি দেখা দেয়ায় ৩ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত করোনা পরীক্ষা বন্ধ ছিল। ত্রুটি সারানো গেছে। শনিবার রাত থেকে আবারও করেনা পরীক্ষা শুরু হয়েছে।

উল্লেখ্য, রামেক হাসপাতালের ল্যাবে একসঙ্গে ১৮৮টি নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের ল্যাবেও ১৮৮টি নমুনা পরীক্ষা করা যায়। হাসপাতালে নমুনা পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ার পর শুধু কলেজে নমুনা পরীক্ষা করা হচ্ছিল। পাঁচ দিন পর হাসপাতালের ল্যাবটি পুনরায় চালু হলো।