কুষ্টিয়ার মুক্তিযোদ্ধা সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরী আর নেই

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০ 656 views
শেয়ার করুন

 

না ফেরার দেশে চলে গেলেন বৃহত্তর কুষ্টিয়ার সাংবাদিকতার বাতিঘর মুক্তিযোদ্ধা ওয়ালিউল বারী চৌধুরী। শনিবার সন্ধ্যা ৭টায় তিনি কুষ্টিয়া শহরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর। প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে জেলার সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

সংবাদকর্মীমসহ সর্বস্তরের মানুষ তার বাসভবনে ছুটে যান। বর্তমানে কানাডায় অবস্থানরত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ বিশিষ্ট ব্যক্তিরা এই প্রতিথযশা সাংবাদিকের মৃত্যু শোক প্রকাশ করেছেন। কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মুক্তাঞ্চল থেকে প্রকাশিত সর্বপ্রথম পত্রিকা ‘স্বাধীন বাংলা’র সম্পাদক, বৃহত্তর কুষ্টিয়া অঞ্চল থেকে প্রকাশিত ‘ইস্পাত’ পত্রিকা ও স্বাধীনতা পূর্ব সাপ্তাহিক ‘মশাল’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক। মুত্যুকালে তিনি স্ত্রী ফিরোজা পারভিন চৌধুরী, পুত্র চৌধুরী মনজুর এহসান ও টিংকু চৌধুরী, কন্যা অভি চৌধুরীসহ অশংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের পরিবার সূত্রে জানাগেছে, ২৬ জুলাই রবিবার বেলা ১১ টায় নামাজে জানাযা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করা হবে। পরিবার সূত্রে জানাগেছে, কুষ্টিয়ার সাংবাদিকতার দিকপাল আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর সম্পাদনায় ১৯৭১ সালের ১৫ এপ্রিল নদীয়া জেলার রানাঘাট থেকে স্বাধীন বাংলা নামে মুক্তিযুদ্ধকালীন প্রথম পাক্ষিক পত্রিকা বের করা হয়েছিলো। এর আগে তিনি ১৯৬৪ সালের দিকে সাপ্তাহিক মশাল নামে আরেকটি মাসিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন। স্বাধীনতা উত্তর পাক্ষিক সমীক্ষা পত্রিকার প্রকাশক ছিলেন তিনি। ইস্পাত বাদে ১৯৭৫ সালে দেশের সকল পত্রিকার সাথে এগুলো বন্ধ হয়ে যায়। তবে সেসময় মাসিক ইস্পাত পত্রিকা চালু থাকে। যা খুলনা বিভাগের মধ্যে একমাত্র পত্রিকা ছিল।

১৯৭৫ সালের ১৭ নভেম্বর ইস্পাত পত্রিকা মাসিক থেকে সাপ্তাহিকভাবে বের হতে থাকে। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। বয়োবৃদ্ধ এই কলম সৈনিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় শহরের মজমপুর গেটস্থ নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ডে চিকিৎসা গ্রহণ করেন। ২৫ জুলাই শনিবার আনুমানিক সন্ধ্যা ৭ টায়, কুষ্টিয়া শহরস্থ নিজ বাসভবনে বাধ্যক্যজনিত কারণে তিনি মৃত্যু বরণ করেন।

কুষ্টিয়ার প্রবীণ এ সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যুর খবর শুনে ২৫ জুলাই শনিবার কুষ্টিয়া শহরের মজমপুর গেটস্থ নিজ বাড়িতে শেষ বারেরমত শ্রদ্ধা ও শেষবারের মত দেখতে আসেন রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সম্পাদক-সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ছুটে আসেন।

এদিকে প্রবীণ এ সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, কুষ্টিয়া-৩ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য ও আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য আ কা ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মাননীয় সংসদ সদস্য হাসানুল হক ইনু, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের মাননীয় সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি গাজী মাহবুব রহমান, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলুসহ কুষ্টিয়ার সম্পাদক-সাংবাদিকবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।