বিশ্বের আশি ভাগ ইলিশ মাছ এখন বাংলাদেশের

মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০ 688 views
শেয়ার করুন

সরকার জাটকা সংরক্ষণে নানামুখী পদক্ষেপ গ্রহন করায় বর্তমানে দেশের নদনদীতে ইলিশের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম (এমপি)। জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে আজ শনিবার সকালে পিরোজপুরের কঁচা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ শেষে হুলারহাট দারুশ শরিয়াত দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, সরকার সফলভাবে জাটকা সংরক্ষণ করায় গত বছর ৩৮ হাজার কোটি জাটকা ইলিশের সাথে যুক্ত হয়েছে। ঐতিহ্যবাহী ইলিশ মাছ হারিয়ে যাওয়ার মানুষের মধ্যে যে আশংকা তৈরি হয়েছিল, বর্তমান সরকারের কঠোর পদক্ষেপের কারণে এখন বিশ্বের আশি ভাগ ইলিশ মাছ বাংলাদেশে উৎপাদিত হয় বলে জানান তিনি।

বর্তমান সরকারের আমলে মৎস মম্পদের ব্যাপক উন্নতি হয়েছে দাবি করে পিরোজপুর- ১ আসনের এ সাংসদ আরও বলেন, হারিয়ে যাওয়া দেশি প্রজাতির মাছগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য সরকার কৃত্তিমভাবে সেগুলো উৎপাদন করে মানুষের কাছে পৌছে দিচ্ছে।

বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউট এর সভাপতি ড. ইয়াহিয়া মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহ্নেওয়াজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার এবং প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম প্রমুখ।

মাছের পোনা অবমুক্তকরণ শেষে মন্ত্রী পিরোজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে মৎস চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করেন এবং আধুনিক হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য কমিটির সভায় যোগ দেন। বিকেলে তিনি পিরোজপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।