জেএমবির নারী শাখার সদস্য আয়েশার স্বীকারোক্তি

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০ 636 views
শেয়ার করুন

 

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নব্য জেএমবির (জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ) নারী শাখার সদস্য আয়েশা জান্নাত মোহনা ওরফে জান্নাতুত তাসনিম ওরফে প্রজ্ঞা দেবনাথ (২৫) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরার আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

এর আগে চার দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ডিবি পুলিশ। আয়েশা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত শুক্রবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মতিঝিল থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে গত বৃহস্পতিবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম। গ্রেপ্তারির সময় তার কাছে থেকে একটি ভারতীয় পাসপোর্ট, একটি বাংলাদেশের জন্ম নিবন্ধন সনদ, একটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।