জাতিসংঘ সদর দপ্তরে FWWMUN 2026-এ একমাত্র বাংলাদেশি পাসপোর্টধারী ইয়াং ডেলিগেট তামরিন

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৬ 52 views
শেয়ার করুন

 

আন্তর্জাতিকভাবে স্বীকৃত Future We Want Model United Nations (FWWMUN) 2026-এ অংশ নিয়ে অনন্য গৌরব অর্জন করেছেন বাংলাদেশের কন্যা শেখ সিদরাতুল মুনতাহা সিদ্দিকী (তামরিন)। তিনি এ বছরের সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের মধ্যে একমাত্র বাংলাদেশি পাসপোর্টধারী ইয়াং ডেলিগেট।

বাংলাদেশি বংশোদ্ভূত আরও কয়েকজন প্রতিনিধি সম্মেলনে অংশ নিলেও তাদের কারও পাসপোর্ট বাংলাদেশি নয়।
সম্মেলনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে (United Nations Headquarters) তার আনুষ্ঠানিক ডেলিগেট নিবন্ধন সম্পন্ন হয়েছে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিদের সঙ্গে শান্তি, আন্তর্জাতিক কূটনীতি, নেতৃত্ব, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs), জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং বৈশ্বিক সহযোগিতা বিষয়ক বিভিন্ন অধিবেশন, বিতর্ক ও নীতিনির্ধারণী কার্যক্রমে অংশ নিচ্ছেন তিনি।

তামরিনের এই অর্জন শুধু বাংলাদেশের জন্য নয়, সংযুক্ত আরব আমিরাতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত। আন্তর্জাতিক অঙ্গনে তার অংশগ্রহণ বিশ্বমঞ্চে বাংলাদেশি তরুণদের মেধা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সক্ষমতার ইতিবাচক প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

তামরিন City American International School, Ajman-এর শিক্ষার্থী। তিনি স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি-এর দুবাই ও উত্তর আমিরাত প্রতিনিধি এবং সিনিয়র সাংবাদিক শেখ ফয়সাল সিদ্দিকী ববি-এর জ্যেষ্ঠ কন্যা।

পরিবারের সদস্যরা জানান, একজন বাংলাদেশি কন্যার জাতিসংঘের মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করা জাতির জন্য অত্যন্ত গর্বের। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তামরিন আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, Future We Want Model United Nations (FWWMUN) বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ যুব নেতৃত্বভিত্তিক আন্তর্জাতিক সম্মেলন। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে জাতিসংঘের কার্যক্রম, আন্তর্জাতিক কূটনীতি, নেতৃত্ব, টেকসই উন্নয়ন এবং সমসাময়িক বৈশ্বিক ইস্যু নিয়ে বাস্তবধর্মী আলোচনা ও নীতিনির্ধারণী কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা অর্জন করেন।

২০২৬ সালে সংযুক্ত আরব আমিরাত থেকে বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী ১২ জন ইয়াং ডেলিগেটের একটি প্রতিনিধি দল এই সম্মেলনে অংশগ্রহণ করে। তাদের মধ্যে শেখ সিদরাতুল মুনতাহা সিদ্দিকী (তামরিন) একমাত্র বাংলাদেশি পাসপোর্টধারী প্রতিনিধি হিসেবে বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন। তার এই সাফল্য বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্ভাবনাময় তরুণ প্রজন্মের সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং প্রবাসী বাংলাদেশি সমাজের জন্য গর্বের বিষয়।