কাঁঠাল-আম মান্নতের পরই আর্জেন্টিনার অবিশ্বাস্য কামব্যাক!
পাগলায় সমর্থকদের বিশ্বাসে নতুন গল্প
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর সুপার ১৬-এ মিশরকে ৩-২ গোলে হারিয়ে রোমাঞ্চকর জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৯০ মিনিটের টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল লিওনেল মেসির দল। গোলের দেখা না পাওয়ায় আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে নেমে আসে চরম হতাশা। কেউ দোয়া, কেউ প্রার্থনায় ব্যস্ত ছিলেন প্রিয় দলের জয়ের আশায়।
তবে ব্যতিক্রমী এক ঘটনা ঘটান সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সদস্য তুয়েল আহমদ। খেলার ৭৫তম মিনিটে তিনি মনিরুজ্জামান শিপু তালুকদার ও ইমন আলমকে সঙ্গে নিয়ে একটি এতিমখানায় ৫টি কাঁঠাল ও ১ ক্যারেট আম দেওয়ার মান্নত করেন। সমর্থকদের বিশ্বাস, এই মান্নতের কয়েক মিনিটের মধ্যেই ম্যাচের মোড় ঘুরে যায়।
মান্নতের প্রায় তিন মিনিট পর, ৭৯তম মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর হেড থেকে প্রথম গোল পায় আর্জেন্টিনা। এরপর ৮৩তম মিনিটে সমতার গোল করেন অধিনায়ক লিওনেল মেসি। যোগ করা সময়ের (৯২তম মিনিটে) এনজো ফার্নান্দেজের হেডে আসে জয়সূচক গোল। শেষ ১৩ মিনিটে তিন গোল করে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের মাধ্যমে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।
তুয়েল আহমদ বলেন, আজকের ম্যাচে আমাদের অবস্থা ছিল হার্ট ব্লক হওয়ার মতো। দুই গোল হজম করার পরও বিশ্বাস ছিল, আর্জেন্টিনা ফিরবে। যখন গোল পাচ্ছিল না, তখন আমরা একটি এতিমখানায় ৫টি কাঁঠাল ও ১ ক্যারেট আম দেওয়ার মান্নত করি। এরপরই একে একে তিনটি গোল আসে। আলহামদুলিল্লাহ, আমাদের দল জিতেছে।
ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় শুরু হয় বিজয় মিছিল। বীরগাঁও, দরগাপাশাসহ বিভিন্ন ইউনিয়নে সমর্থকেরা আনন্দ মিছিল বের করেন। পাগলা বাজারেও আশপাশের বিভিন্ন গ্রাম থেকে দলে দলে সমর্থকেরা এসে উচ্ছ্বাসে মেতে ওঠেন। প্রায় আধাঘণ্টাব্যাপী চলে এই আনন্দ মিছিল।
আর্জেন্টাইন সমর্থক ও ফল ব্যবসায়ী আলী আহমদ বলেন, এটাই আর্জেন্টিনা। শেষ মুহূর্তে চমক দেখিয়ে জয় ছিনিয়ে নেওয়াই তাদের বৈশিষ্ট্য। আমাদের বিশ্বাস, এবারও বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা।
ডিম ব্যবসায়ী তাজুদ আলী বলেন, খেলাধুলা মানুষকে আনন্দ দেয়। আনন্দ উদ্যাপন হোক, তবে সেই আনন্দ যেন কোনোভাবেই বিষাদে পরিণত না হয়—সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।


