শান্তিগঞ্জে জনতার হাতে ইয়াবাসহ আটক দুই, পুলিশের কাছে সোপর্দ

প্রকাশিত: ৪:১৪ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২৬ 45 views
শেয়ার করুন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ইয়াবা কেনাবেচার সময় এক ক্রেতা ও এক বিক্রেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। বুধবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন—দরগাপাশা ইউনিয়নের ইসলামপুর গ্রামের দুলন মিয়া (ক্রেতা) এবং পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন হাজিপাড়া গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে শাকিল আহমদ (বিক্রেতা)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল থেকে তালুকদার পয়েন্ট এলাকায় দুজনের সন্দেহজনক চলাফেরা স্থানীয়দের নজরে আসে। পরে কয়েকজন যুবক তাদের আটক করে তল্লাশি চালালে তিনটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে আটককারীদের দাবি, আরও কিছু ইয়াবা তারা পাশের পানিতে ছুড়ে ফেলে দেয়।

ঘটনার পর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একাধিকবার ফোন করে বিষয়টি শান্তিগঞ্জ থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া ইয়াবাসহ আটক দুইজনকে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা, সেলিম আহমদ ও ইমরান হোসেন তালুকদার বলেন, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে সচেতন থেকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এ বিষয়ে বক্তব্য নিতে শান্তিগঞ্জ থানার ওসি অলী উল্লাহ’র মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি কল রিসিভ করেননি। তাই তার বক্তব্য সংবাদে সংযুক্ত করা সম্ভব হয়নি।