সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বই পড়া ও হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়ার উদ্যোগে আগামী ২৭ জুন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হওয়া এ আয়োজনে ইউনিয়নের ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২টি এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
আয়োজকদের সূত্রে জানা গেছে, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি বই পড়া এবং হাতের লেখা প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। প্রতিটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতি বিষয়ে ৫ জন করে শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
উদ্যোগটির লক্ষ্য সম্পর্কে আয়োজক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া বলেন, শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলা, ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং সুন্দর হাতের লেখার প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্রের ব্যবস্থা রাখা হয়েছে। আমরা চেষ্টা করবো প্রতি বছর এ আয়োজন করে যাওয়ার।
স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া আগেও শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। উপজেলায় ব্যতিক্রমী এমন উদ্যোগে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন তিনি।


