শান্তিগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নের অসহায় ও দুস্থ ৫শ’ ২৫ জন মানুষের মাঝে কুরবানির গরুর গোস্ত বিতরণ করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। শুক্রবার সকাল ৯টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা রায়পুর বড় জামে মসজিদ সংলগ্ন হযরত আবুবকর সিদ্দিক (রা.) নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসায় এই গোস্ত বিতরণ করে তারা। ইসলামিক রিলিফের পোস্ট স্পন্সরের অর্থায়নে এবং এলামনাই এ্যাসোসিয়নের সদস্যদের সার্বিক সহযোগিতায় এসব গোস্ত বিতরণ সম্পন্ন হয়।
ইসলিমিক রিলিফ সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় এ বছরও উপজেলার পশ্চিম পাগলা ও জয়কলস ইউনিয়নের ৫২৫ জন অসহায় ও দুস্থ মানুষদের প্রায় ২ কেজি করে গরুর গোস্ত বিতরণ করা হয়েছে। এ জন্য ঈদের পরের দিন ১৫টি গরু কুরবানি করা হয়েছে। জয়কলস ইউনিয়নের ২৭৫ জন ও পশ্চিম পাগলা ইউনিয়নের ২৫০ জন মানুষকে এসব গোস্ত দেওয়া হয়েছে।
গোস্ত বিতরণের সময় উপস্থিত ছিলেন- পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, ২নং ওয়ার্ডের সদস্য জফরুল হক, ইসলামিক রিলিফের সুনামগঞ্জ জেলা ইনচার্জ ছামছুল আলম, কমিউনিটি মোবিলাইজার মো. সিরাজুল হক ও পূরবী রানী রায় সহ আরো অনেকে।


