টাকার অভাবে থমকে যাচ্ছিল স্বপ্ন, এমসি কলেজ শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা রাজিব

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, মে ১৪, ২০২৬ 168 views
শেয়ার করুন

অর্থাভাবে যখন উচ্চশিক্ষার স্বপ্ন ভেঙে যাওয়ার উপক্রম, ঠিক তখনই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব হোসাইন সাহিদ। তার সহযোগিতায় অনার্স প্রথম বর্ষে ভর্তি নিশ্চিত হয়েছে এক অসচ্ছল শিক্ষার্থীর।

জানা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমসি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পান ওই শিক্ষার্থী। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি, সেশন চার্জ ও আনুষঙ্গিক খরচ বহন করতে না পারায় তার ভর্তি অনিশ্চয়তায় পড়ে যায়। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছিল না। আগামী ১৭ মে ছিল ভর্তি কার্যক্রমের শেষ সময়।

বিষয়টি কলেজের এক শিক্ষার্থীর মাধ্যমে জানতে পারেন ছাত্রদল নেতা রাজিব হোসাইন সাহিদ। পরে বৃহস্পতিবার (১৪ মে) ওই শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করে ভর্তির সম্পূর্ণ ব্যয়ভার বহন করেন তিনি। এতে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পেলেন শিক্ষার্থীটি।

সহায়তা পাওয়া শিক্ষার্থী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “অর্থের অভাবে আমার পড়াশোনা বন্ধ হওয়ার পথে ছিল। রাজিব ভাই পাশে না দাঁড়ালে হয়তো ভর্তি হতে পারতাম না। তার সহায়তা আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে।”

এ বিষয়ে রাজিব হোসাইন সাহিদ বলেন, “মানবিকতার জায়গা থেকেই একজন শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। শুধু অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষা জীবন থেমে যাক, সেটা কাম্য নয়। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য।”

তার এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরাও। অনেকেই বলছেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ রক্ষায় এগিয়ে আসা সত্যিই প্রশংসনীয়।