হবিগঞ্জের ক্রিকেট টুর্নামেন্টে আজ খেলবে শান্তিগঞ্জ

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, মে ৬, ২০২৬ 34 views
শেয়ার করুন
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মনোরম পরিবেশে অবস্থিত লালচাঁন চা বাগান মাঠে হবিগঞ্জ রেমিটেন্সযোদ্ধা আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এ প্রথম রাউন্ডের আকর্ষণীয় একটি ম্যাচে কুলাউড়া উপজেলার মুখোমুখি হবে শান্তিগঞ্জ উপজেলা। আজ বিকাল ২ টায় ম্যাচটি মাঠে গড়ানোর কথা রয়েছে। ১৬ ওভারের অনুষ্ঠিত হবে ম্যাচটি।
টুর্নামেন্টের প্রথম রাউন্ড হওয়ায় দুই দলের জন্যই ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করছে। জয় পেলে এগিয়ে যাওয়া যাবে পরবর্তী ধাপে—এমন সমীকরণে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেটের ইঙ্গিত দিচ্ছে দুই দলই। খেলোয়াড়দের প্রস্তুতি, দর্শকদের আগ্রহ এবং মাঠের পরিবেশ—সব মিলিয়ে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রত্যাশা করা হচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন, স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সকল ক্রিকেটপ্রেমীকে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।
শান্তিগঞ্জ উপজেলা দলের কলাকুশলীরা জানিয়েছেন, জয় ছিনিয়ে আনতে সব ধরণের প্রস্তুতি রয়েছে তাদের। খেলোয়াররা খুবই আত্মবিশ্বাসী। এর আগে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন তারা। সকলের পারফরম্যান্স ভালো ছিলো। মাঠে ভালো ফল বয়ে আনবেন বলে প্রত্যাশা তাদের।