প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৬ 23 views
শেয়ার করুন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাড়ে ১২টায় উপজেলা ডুংরিয়া শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠুত হয়। সভায় সভাপতিত্ব করেন- শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আশিক মিয়া।

প্রোগ্রাম অফিসার মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য দেন- বিজ ক্ষুদ্রঋণ প্রকল্পের সুনামগঞ্জ সদর শাখার ব্যবস্থাপক নূর মোহাম্মদ, কমপ্লায়েন্স অফিসার শরিফুল ইসলাম শামীম, শান্তিগঞ্জ উপজেলা প্রোগ্রাম অফিসার নিলু কান্ত পাল ও শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলীম।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ডুংরিয়া নোয়াগাঁও-১ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজমান ও গীতা পাঠ করেন চুরখাই প্রসন্ন কুমার দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কল্পনা সূত্রধর।

এসময় উপজেলায় বিজ কর্তৃক পরিচালিত ৮টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শান্তিগঞ্জ উপজেলায় ২০১৮ সাল থেকে ৭টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে কাজ করছে বিজ। ২০১৮ সালে আরেকটি বৃদ্ধি করে বর্তমানে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে বেসরকারি এই সংস্থাটি। এছাড়াও কৃষি, শিক্ষা, ক্ষুদ্রঋণ, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা নিয়ে কাজ করছে বিজ। আছে সহায়ক আরো দু’টি কার্যক্রম। শান্তিগঞ্জে বর্তমানে শিক্ষা, ক্ষুদ্রঋণ, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা নিয়ে কাজ করছে। ধাপে ধাপে বাকী কার্যক্রমগুলো শুরু হবে বলে জানিয়েছে বিজ কর্তৃপক্ষ।

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ
২৩.০৪.২৬