শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে ৩৫তম মানুষ উৎসব অনুষ্ঠিত
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় প্রতিবছরের ন্যায় এবারও বর্ণিল আয়োজন ও সুধীজনের ব্যাপক অংশগ্রহণে সম্পন্ন হয়েছে “মানুষ উৎসব”। গান, কবিতা ও আলোচনা সভার মধ্য দিয়ে উৎসবে ছড়িয়ে দেওয়া হয় মানবতার বার্তা। শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার উজানীগাঁও গ্রামে লাল শাহ সংগীতালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় ৩৫তম মানুষ উৎসব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজানীগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বি মো. শানু মিয়া এবং সঞ্চালনা করেন কবি দৃষ্টি নুত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. রোখসানা পারভীন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের পুত্র বাউল শাহ নুর জালাল, জগন্নাথপুর শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির, শান্তিগঞ্জ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক সত্যিজিৎ চন্দন আচার্য, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রভাষক মো. হারিস উদ্দিন এবং আব্দুল মজিদ কলেজের প্রভাষক মো. কবির মিয়া।
এছাড়াও দেশ-বিদেশের কবি, সাহিত্যিক ও বাউল শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে কবি অসীম সরকারের উপস্থাপনায় শুরু হয় মনোজ্ঞ বাউল সংগীত পরিবেশনা। এতে দেশ-বিদেশের শিল্পীরা অংশ নেন। অনুষ্ঠানে কবি, নাট্যকর্মী, যন্ত্রশিল্পী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় উৎসব প্রাঙ্গণ।
লাল শাহ সংগীতালয়ের পরিচালক লাল শাহ জানান, সবার সহযোগিতায় উৎসবটি সফলভাবে সম্পন্ন হয়েছে। শেষে ১৭ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান এবং ৫০ জন শিল্পী, সংগঠন ও সাংবাদিকদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।


