শান্তিগঞ্জে রাতের আঁধারে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখম

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৬ 105 views
শেয়ার করুন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে সংঘবদ্ধ চুরিকাঘাতে শোভন দেব (৩২) নামের যুবক গুরুতর আহত হয়েছেন। 
রবিবার রাত ১১টায় উপজেলার পাগলা বাজার সংলগ্ন শ্মশানের কাছে এই হামলার ঘটনা ঘটে। তবে হামলার কারন এখন পর্যন্ত জানা যায়নি। 
স্থানীয় ও আহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাত ১১টার দিকে পাগলা বাজার সংলগ্ন শ্মশানের কাছে শোভনের উপর সংঘবদ্ধ হামলা চালানো হয়। তাকে হত্যার উদ্দেশ্যে ছুরি-চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপানো হয়। এতে শোভনের হাত, ঠোঁট, গালসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়। প্রাণ বাঁচাতে শোভন মাঠের নিকটবর্তী জলাশয়ে ঝাঁপ দেন। পরে কোনোরকমে পাগলা বাজারের নিকটবর্তী দেববাড়ি মোড়ে অবস্থিত নিজের দোকানের সামনে গিয়ে মাঠিতে লুটিয়ে পড়েন। এময় তাকে আহত অবস্থায় দেখে স্থানীয়রা শোভনের পরিবারে খবর দেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান শোভনের পরিবারের লোকজন। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন শোভন।
শোভন জানিয়েছেন, পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে মামুন মিয়ার নেতৃত্বে তার উপর হামলা করা হয়েছে।  মামুনের সহযোগী হিসেবে হবি মিয়ার ছেলে সিএনজি চালক রুকন মিয়া, নাজিম উদ্দিনের ছেলে রিহানসহ আরো অজ্ঞাত কয়েকজন এই হামলায় জড়িত বলে জানিয়েছেন তিনি।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউল্লাহ জানান, এ ঘটনায় কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।