কিছুদিনের মধ্যে আপনারা সবাই ফ্যামিলি কার্ড পাবেন: কয়ছর আহমদ

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৬ 22 views
শেয়ার করুন

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, কিছুদিনের মধ্যে আপনারা সবাই ফ্যামিলি কার্ড পাবেন। বিএনপির একটি প্রতিশ্রুতি ছিলো, ক্ষমতায় এলে জনগণকে ফ্যামিলি কার্ড দিবে। বিএনপি তার প্রতিশ্রুতি রক্ষা করতে শুরু করেছে। আপনারা জানেন, ইতোমধ্যে দিরাই উপজেলার একটি ইউনিয়নে কিছু মানুষ ফ্যামিলি কার্ড পেয়েছেন। সরকার তার প্রত্যেকটক প্রতিশ্রুতি রক্ষা করবে। কৃষি কার্ড ও ইমাম মুয়াজ্জিনের ভাতা দেওয়ারও প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা একটু সময় দেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবকিছু হবে ইনশাআল্লাহ।

শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ঝিলমিল অডিটোরিয়ামে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের বরাদ্দ থেকে শাড়ী, থ্রী-পিস, হাজী রুমাল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কয়ছর আহমেদ বলেন, জগন্নাথপুর-শান্তিগঞ্জ উপজেলা মিলিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আমরা শাড়ি পেয়েছি ৭শ’, থ্রি-পিস ১শ, হাজি রুমাল পেয়েছি ৫০টি। নগদ পেয়েছি ১০ লক্ষ টাকা। দুই উপজেলায় এগুলো বিতরণ করা হয়েছে। যারা আজ পাননি, আগামী বরাদ্দে তারা পাবেন।

এসময় সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগর ও জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবদুস সোবহানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।