আমিরাতের সংবাদপত্রের শীর্ষ শিরোনামে ঢাকার বিমান দূর্ঘটনা

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫ 778 views
শেয়ার করুন

✈️ মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা আজ পেল আমিরাতের মিডিয়ায় শীর্ষ শিরোনাম : প্রবাসীরাও জানালেন প্রতিক্রিয়া

 

দেশের দ্বিতীয় বৃহত্তম অভিবাসী জনশক্তির বাস সংযুক্ত আরব আমিরাতে মাইলস্টোন ট্র‍্যাজেডির শোকবিহবলতা এসে স্পর্শ করেছে। প্রবাসীরা সোমবার বিমূঢ় বিহব্বল হয়ে সোশ্যাল মিডিয়ায়,চা খানায়, আবাসস্থলে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় মেতে থেকেছেন, নির্ঘুম রাত জেগে নিউজফিডে দূর্ঘটনার আপডেট জেনেছেন। মঙ্গলবার সকালে অফিসগামী একজন প্রবাসী বাংলাদেশিরও চোখে চেহারায় ছিল না এতটুকু আনন্দ,স্বতঃস্ফূর্ততা। আজ দেশের সাথে সংগতি রেখে শোক দিবস পালনার্থে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে এবং দুবাইস্থ বাংলাদেশ কন্স্যুলেটে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় আজ শীর্ষ সংবাদটি ছিল ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানের ওপর বাংলাদেশের যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মন্তুদ ঘটনার সংবাদ। শীর্ষ জাতীয় দৈনিক খালিজ টাইমসের এ নিয়ে লীড নিউজ হেডলাইন ছিল,”বাংলাদেশঃ এট লিস্ট টুয়েন্টি সেভেন কিলড এজ এয়ারফোর্স জেট ক্র‍্যাশেস ইন টু কলেজ ক্যাম্পাস।”
গালফ নিউজ লিখে,”ডেথ টোল ইন বাংলাদেশ ফাইটার জেট ক্র‍্যাশ রাইজেজ টু টুয়েন্টি সেভেন। ”
দ্য ন্যাশনাল আজ তাদের শিরোনাম করেছে,”
“এট লিস্ট টুয়েন্টি সেভেন কিলড এজ বাংলাদেশ জেট ক্র‍্যাশেস ইন টু স্কুল।”
এছাড়া আরবী দৈনিক আল এতিহাদ,আল খালিজও সংবাদটিকে লীড নিউজ করেছে।।
বাংলাদেশের ঘনিষ্ঠ ও ভ্রাতৃপ্রতিম বন্ধু দেশ সংযুক্ত আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কাছে এ নিয়ে একটি শোকবাণী পাঠিয়েছে।
দেশের জাতীয় সংবাদ সংস্থা WAM পরিবেশিত এই শোক বার্তায় বলা হয়েছে,”সংযুক্ত আরব আমিরাত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ করে রাজধানী ঢাকার একটি স্কুল ও কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।” এ সংক্রান্ত এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় (MOFA) নিহতদের পরিবার, অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে, পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।
আমিরাতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদেরকেও এই দুর্ঘটনাটি স্পর্শ করেছে,আবেগমথিত করেছে। এ নিয়ে তারা যেমনটি বলেছেন তা হল ,
>>কবীর আহমদ ভূঁইয়াঃ নিজের সন্তান গুলোর দিকে তাকালে বুঝতে পারছি সন্তান হারানো বাবা মার আর্তনাদ।
>>ওমর ফারুক রিমনঃ আজ আকাশও নিশ্চয় কাঁদছে! দিনটি যেন ইতিহাসের এক ভয়াবহতম অধ্যায় হয়ে থাকবে। যেখানে প্রতিদিন হাসি আনন্দে মুখরিত হতো ছোট ছোট বাচ্চাদের কণ্ঠস্বর সেই স্কুলের আঙিনাই আজ হয়ে উঠলো মৃত্যুপুরী। যাদের চোখে ছিলো ভবিষ্যতের স্বপ্ন এক নিমিষেই পুড়ে ছাই হয়ে গেলো কিছু বুঝে উঠার আগেই।
>> প্রিয়াংকা খন্দকারঃ
উত্তরার বিমান দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। হতাহতদের আহাজারি আর সহ্য করতে পারছি না ! মুহূর্তের মধ্যে কতগুলা জীবন বিধ্বস্ত হয়ে গেল। আল্লাহ শোকাহত পরিবারগুলোর সহায় হোন।
>> মেহেরুন্নেছা দীপাঃ আমরা প্রবাসীরা এই দূর্ঘটনায় গভীরভাবে শোকাহত। সন্তানহারা বাবা মা কিভাবে এই শোক সামলাবেন ভাবতেই পারছি না।
>> পাভেল ইউসুফঃ আমরা শোকাহত আমাদের প্রার্থনা সকল নিহতের আত্মার শান্তির জন্য এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য। সারাটা জাতি কাঁদছে আজ তোমাদের জন্য।