পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম আর নেই
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল আর নেই। বুধবার রাত ১০টা ২০ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মৃত্যুকালে স্ত্রী, সন্তান ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। এ সংবাদ লেখা পর্যন্ত মরহুমের নামাজে জানাজার সময় ও স্থান ঠিক করা হয়নি।
জানা যায়, ঈদ উল ফিতরের আগের দিন (৩০ মার্চ) সন্ধ্যায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। জেল হাজতে গুরুতর অসুস্থ হলে ৫ এপ্রিল শনিবার পুলিশি হেফাজতে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে। মস্তিষ্কের সমস্যায় মঙ্গলবার সকালে চেয়ারম্যান রাইজুল ইসলামের মাথায় বড় ধরণের অপারেশন হয়। অপারেশনের পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মৃত্যু হয় তার।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য জোবায়ের আহমদ ও ৫নং ওয়ার্ডের সদস্য আবদুল বাসিত। চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুলের মৃত্যুতে ইউনিয়নবাসী ও আত্মীয়স্বজনের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।


