শান্তিগঞ্জে অ*গ্নিকা*ণ্ডে নিঃস্ব ৩ পরিবার: ক্ষ*তি ১০ লক্ষ টাকা

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৪ 816 views
শেয়ার করুন
শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে একেবারে নিঃস্ব হয়ে গেছে ৩টি পরিবার। বসতঘর পুড়ে ক্ষতি হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা। শুক্রবার সকাল সাড়ে ১১টায় ইউনিয়নের আসামমুড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্তরা হলেন, রহিদ আলী, রহিদ আলীর ছেলে হাফিজুর রহমান ও মৃত ইব্রাহিম আলীর ফয়জুর রহমান। ঘরের ইলেক্ট্রনিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত হাফিজুর রহমান।
হাফিজুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টায় বিদ্যুতের লাইন ব্লাস্ট করে সকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর নিমিষেই সবকিছু শেষ হয়ে গেছে। পুড়ে ছাই হয়েছে পড়নের কাপড়, আসবাবপত্র, স্বর্ণালংকার, দলিলদস্তাবেজ, এনআইডি কার্ড, জন্মনিবন্ধন সনদ, নগদ টাকা, ঘরে রাখা ধানসহ যাবতীয় সবকিছু। এতে ৩ পরিবারের প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তিনি জানান, আমি এবং ফয়জুর রহমান দিনমজুর। আমার বাবার আলাদা সংসার। ৩ পরিবারের ১৭ জন সদস্যের বসবাস করছেন তিন সংসারে। তারা সবাই এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন। পড়নের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট রইলো না। আমাদের সব কিছু শেষ। আমরা সবাই নিঃস্ব হয়ে গেলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী। তিনি বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ অফিসার ঘটনাস্থলে গিয়েছেন।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আলমগীর হোসেন বলেন, আমার এখান থেকে ঘটনাস্থল অনেক দূর। দিরাই থেকে কাছে। তাই আমরা দিরাই ফায়ার স্টেশনকে বিষয়টি অবগত করেছি। তবে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই সবকিছু পুড়ে সব শেষ হয়ে গেছে। পরে স্থানীয়রা আগুন নিভিয়েছেন।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, আমরা খবর পেয়েছি। প্রাথমিকভাবে কিছু শুকনা খাবার, নগদ অর্থ দেওয়া হবে। আমাদের লোকজন আজই কিছু খাবার দেবে। আগামীকাল কিছু টিন দেবো।