রাইজিং সান কিন্ডার গার্টেনের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাইজিং সান কিন্ডার গার্টেনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ফলাফল প্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও মেধা তালিকায় স্থান করে নেওয়া কচিকাঁচা সোনামণিদের মাঝে পুরষ্কারও বিতরণ করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও শিক্ষার্থীদের আনন্দ দিতে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় জাদুর খেলা প্রদর্শন করা হয়েছে।
রবিবার সকাল থেকে তিন অধিবেশনের মধ্য দিয়ে এসব কর্মসূচি বাস্তবায়ন করে প্রতিষ্ঠানটি। প্রথম অধিবেশনে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। সকাল সাড়ে ১১টায় জাতীয় সংগীত, পবিত্র কুরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানসূচির শুভারম্ভ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্য ও মনবেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুল হক সেলিম। পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক ও সাংবাদিক ইয়াকুব শাহরিয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মঞ্জুরুল আলম, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, অভিভাবক মো. আবদুল হাই আজাদ সেলিম ও মো. মানিক মিয়া।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. শাহ আলম, শিক্ষানুরাগী আলী আহমদ, গণমাধ্যমকর্মী আলাল হোসেন, নাহিদ আহমেদ, নেওয়াজ আহমেদ, শিক্ষক—শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের এই অংশ পরিচালনা করেন সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী ও প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষিকা স্বর্ণা দাশ। এসময় বিভিন্ন শ্রেণির কোমলমতি শিশুরা ছড়া-কবিতা আবৃত্তি, নৃত্য ও গান পরিবেশন করেন। এছাড়াও ম্যাজিকম্যান সোনাই রাম রবি দাসের আকর্ষণীয় জাদুর খেলাও উপভোগ করেন উপস্থিত সকলে।
অনুষ্ঠানমালার তৃতীয় ও শেষ অধিবেশনে মেধা তালিকায় স্থান করে নেওয়া শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি ও শিক্ষকরা।


