সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি)’র ২য় উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারি সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১০ (১) ধারা অনুযায়ী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলরের পদে নিয়োগ দেওয়া হলো।
নিয়োগের শর্তে বলা হয়, ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। ভাইস চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
নিজের অনুভূতি জানিয়ে সুবিপ্রবি’র নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বলেন, আমাকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় মহামান্য রাষ্ট্রপতি ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে আমার নিজেস্ব একটা আবেগ সব সময়ই ছিলো যে, সুযোগ পেলে নতুন কিছু করে দেখাবো। সে সুযোগ এখন পেয়েছি। যেহেতু সুবিপ্রবি একটি নতুন বিশ্ববিদ্যালয় সেহেতু ইতিবাচকভাবে কিছু একটা করার সুযোগ আছে। সেটা করার চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয়টিকে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানে রূপ দেওয়ার চেষ্টা করবো। সততা ঠিক রেখে কাজ করতে পারলে জীবনকে সার্থক মনে করবো।


