নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বরের মধ্যে হাওরে ফসলরক্ষা বাঁধ মেরামত ও নির্মাণকাজ শুরু করার কথা রয়েছে। সেই অনুযায়ী সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে দেখার হাওরের ৫৩ নম্বর প্রকল্পের কাজ উদ্বোধনের মধ্য দিয়ে উপজেলার ৬৪টি প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে ৮ কোটি ৭৫ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
দেখার হাওরের ৫৩ নম্বর প্রকল্পের কাজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা সুকান্ত সাহা, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী আল নুর তারেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শান্তিগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা সুনামগঞ্জ (পাউবোর) উপ-সহকারী প্রকৌশলী মুমিন মিয়া, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের পরিচালনা কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রফিকা মহির প্রমুখ।
শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরের কৃষক আবদুল ওয়াদুদ জানান, প্রতি বছর ১৫ ডিসেম্বর দুয়েকটি প্রকল্পে নিয়ম রক্ষায় কাজ শুরু করা হয়। তবে পিআইসি গঠনে দীর্ঘসূত্রতাসহ নানা কারণে বাঁধের কাজ পিছিয়ে যায়। ফসল উত্তোলনের সময় এর বিরূপ প্রভাব পড়ে। তাই নির্ধারিত সময়েই কাজ শুরু ও শেষ করতে হবে।
শান্তিগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা সুনামগঞ্জ পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মুমিন মিয়া জানান, হাওর থেকে দেড়িতে পানি নামায় সার্ভে কার্যক্রম বাঁধাগ্রস্ত হয়েছে। যে কারণে স্কিম প্রণয়ন ও প্রাক্কলন প্রস্তুত করতে দেরি হয়েছে। তবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত সময়ে পিআইসি গঠন করা হয়েছে এবং কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে অনেক বাঁধের গোড়া থেকে এখনো পানি সরেনি। তাই সেখানে কাজ করা যাবে না। তবে দ্রুত উপযুক্ত বাঁধগুলোতে কাজ শুরু করা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। আবহাওয়া ও পরিবেশ ঠিক থাকলে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করা সম্ভব।


