শান্তিগঞ্জের পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম গ্রেফতার
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলামকে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। সুনামগঞ্জ সদর উপজেলার একটি মামলায় গ্রেফতার করা হয় তাকে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে পাথারিয়া ইউনিয়ন পরিষদ থেকে শহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ৪ আগস্ট সুনামগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নস্যাৎ করতে ব্যপক নাশকতা করে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেপ্টেম্বর মাসে ৯৯ জনের নাম উল্লেখ করে দ্রুত আইনে মামলা দায়ের করা হয়েছিলো। এ মামলায় অজ্ঞাতনামা তালিকায় গ্রেফতার করা হয়েছে চেয়ারম্যান শহীদুল ইসলামকে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তাকে সুনামগঞ্জ সদর থানায় পাঠিয়ে দেবো। মামলাটি সদর থানার।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. আবদুল আহাদকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি। এজন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


