এইচএসসি ফলাফলে শীর্ষে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন অতুলা আক্তার। জিপিএ-৫ পাওয়ার আনন্দে মাকে মিষ্টি মুখ করাচ্ছেন তিনি।
এবারের এইসএসসি পরীক্ষায় ৯৫.৮৩ শতাংশ ফলাফল অর্জন করে ও দুইটি জিপিএ-৫ পেয়ে উপজেলার শীর্ষে অবস্থান করছে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটিতে এ বছর মোট পরীক্ষার্থী ছিলো ১শ’ ২০ জন। তাদের মধ্য থেকে ১শ’ ১৫ জন উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার সকালে জাতীয়ভাবে একযোগে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে এই তথ্য পাওয়া যায়।
২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় উপজেলার চার কলেজ থেকে মানবিক বিভাগে মোট ৪শ’ ৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্য থেকে কৃতকার্য হয়েছে ৪শ’ ২৩ জন। অকৃতকার্য হয়েছেন ৫৮ জন। জিপিএ-৫ পেয়েছেন পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের দুই শিক্ষার্থী। সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের ফলাফলও ৯৫.৮৩। তবে সেই প্রতিষ্ঠান কোনো জিপিএ-৫ পায়নি। ৯০ শতাংশ ফলাফল নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ডুংরিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ। ৭৭.৮৪ শতাংশ পাসের হার নিয়ে ফলাফলে সবচেয়ে তলানিতে আছে উপজেলা সদরের আবদুল মজিদ কলেজ। শান্তিগঞ্জ উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮৯.৮৮ শতাংশ এবং আলিমে পাসের হার ৮৯.০১ শতাংশ। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ২টি মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৪ জন। ফেল করেছে ৬ জন। মাদ্রাসায় পাশের হার ৮৯.০১ শতাংশ। জিপিএ-৫ একটি৷ রেজাল্টের শীর্ষে আছে আক্তাপাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা।
ফলাফলের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান বলেন, এবার ফলাফল ভালোই হয়েছে। যেকল শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল খারাপ হয়েছে তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিব। আগামীতে ফলাফল আরও ভালো করতে আমরা মনিটরিং কার্যক্রম জোরদার করবো।
পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আরব আলী বলেন, ভালো ফলাফল হওয়া আমরা খুশি। আমরা আমাদের ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো।


