শান্তিগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনে ব্যরিস্টার আনোয়ার
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্যরিস্টার আনোয়ার হোসেন। শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন তিনি। সন্ধ্যা ৬টায় পশ্চিম পাগলা ইউনিয়নে প্রথমে লোকনাথ মন্দিরের দূর্গা প্রতীমা পরিদর্শন করেন তিনি। পরে যথাক্রমে শত্রুমর্দন সার্বজনীন পূজা মণ্ডপ ও পালপাড়ার ত্রিনয়নী পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপির এই নেতা।
পরিদর্শনের সময় শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি সলিব নূর বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল পারভেজ সাজন ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর শান্তিগঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব ইসলামুল হক জয়েনসহ উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় পরিদর্শনকৃত প্রত্যেক মণ্ডপে ৫ হাজার করে টাকা অনুদান প্রদান করেন ব্যরিস্টার আনোয়ার।
পৃথক মণ্ডপ পরিদর্শনের সময় ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, আমি আপনাদের সন্তান। তাই আপনাদের কাছে এসেছি। আপনাদের উৎসব আমাদেরই উৎস। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই বাংলাদেশ। হিন্দু-মুসলিম আমরা একসাথে থাকি, একসাথে বাঁচি। এই অসাম্প্রদায়িকতার বার্তাটি পৌঁছে দিতেই আপনাদের কাছে এসেছি। তিনি বলেন, আপনাদের এলাকার সন্তান হিসেবে আমি আপনাদের সেবা করতে চাই। আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশা করছি। আশা করছি দলের সর্বোচ্চ পর্যায় থেকে আমাকে সেই মূল্যায়ন করা হবে। এলাকার সবখানে যাচ্ছি, সবাই আশ্বস্ত করছেন। আপনাদের সকলেরও সহযোগিতা চাই।


