উপজেলা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু আবুল কালামের

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৪ 430 views
শেয়ার করুন
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, সুনামগঞ্জ সদর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজি আবুল কালাম। তার নিজ ইউনিয়নের (পশ্চিম পাগলা) সর্বসাধারণের সাথে মতবিনিময় করে সকলের সম্মতি নিয়ে এ প্রচারণা শুরু করেন তিনি। এসময় উপস্থিত সকলে হাত তুলে হাজি আবুল কালামকে সমর্থন দেন।
শুক্রবার বিকাল ৪টায় পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দেলোয়ার হোসেন মির্জা।
সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সভাপতি হাজি আবুল কালাম, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল হক, আওয়ামীলীগ নেতা সাজিদ মিয়া, ভৈরব সূত্রধর ও যুবলীগ নেতা জাবেদ নূর।
আবুল কালাম তাঁর বক্তব্যে বলেন, আমি আপনাদের সন্তান। এর আগে আপনাদের সেবায় মনোনীত ছিলাম। আপনারা সুযোগ দিয়েছিলেন বলেই পাঁচ বছর আপনাদের সেবা করেছি। এরপর থেকে এখনো সুখে-দুঃখে আপনাদের পাশি আছি এবং থাকবো। সামনে উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনে আমি একজন প্রার্থী। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের সমর্থন ও সহযোগিতা থাকলে আমার জয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।  বিগত দিনে আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করে এসেছেন আগামী দিনেও সেই সহযোগিতা অব্যাহত রাখবেন এমনটাই প্রত্যাশা করি।