শান্তিগঞ্জে বোন জামাইয়ের হাতে সম্বন্ধী খুন

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৪ 572 views
শেয়ার করুন
শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে গ্রামীণ টং দোকানে ক্রেতার সংখ্যা কমবেশি নিয়ে কথা কাটাকাটির জেরে ছোট বোনের স্বামীর আঘাতে সম্বন্ধী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টায় ইউনিয়নের নায়নগর গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘটনায় নিহত ব্যক্তির নাম মো. আলা উদ্দিন (৫০)। তিনি মৃত মনু মিয়ার ছেলে। এ ঘটনার পর থেকে বোন জামাই কামাল হোসেন (৪৮) পলাতক রয়েছেন। কামাল দিরাই উপজেলার কর্ণগাঁও গ্রামের স্থায়ী বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আলা উদ্দিনের ছোট বোনকে বিয়ে করার পর থেকেই ১০/১২ বছর ধরে নায়নগর গ্রামেই বসবাস করে আসছেন কামাল মিয়া। নায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে পৃথক টং দোকানের মাধ্যমে ব্যবসা করে আসছেন  কামাল ও মো. আলাউদ্দিন। ঘটনারদিন সকালে কার দোকানে ক্রেতা বেশি আসেন ও কম আসেন এ নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া হয়। সকাল সাড়ে ৯টায় দোকানের সামন দিয়ে নায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দোকানে গেলে একজন আরেকজনের ক্রেতা আটকানোর চেষ্টা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া শুরু হলে হঠাৎকরে সম্বন্ধী মো. আলা উদ্দিনের মাথায় স্টিলের টোল দিয়ে সজোরে আঘাত করেন ছোট বোন জামাই কামাল মিয়া। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন আলা উদ্দিন। তাৎক্ষণিকভাবে আশঙ্কাজনক অবস্থায় আলা উদ্দিনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  কাজি মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।