বিএনপি অগ্নি সন্ত্রাসের দল, তারা নির্বাচনকে ভয় পায়: এমএ মান্নান
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
বিএনপিকে অগ্নি সন্ত্রাসের দল বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী এম এ মান্নান। তিনি বলেছেন, বিএনপি নির্বাচনে আসতে চায় না। দেশের জন্য কি করেছে তারা? আমাদের সরকার দেশের মানুষকে শতভাগ বিদ্যুৎ দিয়েছে, পদ্মাসেতু দিয়েছে, টানেল দিয়েছে, নলকুপ-ল্যাট্রিন দিয়েছে। এজন্য দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। সেজন্য তারা নির্বাচনে আসতে চায় না। তারা নির্বাচনকে ভয় পায়। তারা নির্বাচনকে প্রতিহত করতে চায়। তারা বিদেশিদের কাছে নালিশ করে বেড়ায়। বিদেশিদের কাছে নালিশ দিয়ে লাভ নেই।
শনিবার বিকাল ৪ টায় শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামে নির্বাচন জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, পাকিস্তানের শাসনকালে আমাদের কিছুই ছিল না। আমরা অবহেলিত ছিলাম। কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার পর শেখ হাসিনার নেতৃত্বে আমরা ভারতকেও ছাড়িয়ে গেছি। পাকিস্তান তো আমাদের ধারেকাছেও নেই। পুনরায় নির্বাচিত হলে সুনামগঞ্জে আরো মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। আবার নির্বাচিত হলে সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ থেকে জাউয়া-পাগলা-শান্তিগঞ্জ হয়ে সুনামগঞ্জে রেললাইন স্থাপন করব। বিমানবন্দর স্থাপন করব। উচুঁ জায়গা না পেলে প্রয়োজনে খুঁটি দিয়ে হলেও বিমানবন্দর করা হবে।
পূর্ব বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রিয়াজুল হক রাইজুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল গফফারের পরিচালনায় বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন ও সাংগঠনিক সম্পাদক প্রভাষক হোসেন প্রমুখ।


