নিরপেক্ষ, নির্দলীয় নির্বাচনের একদফা দাবিতে ১২তম ধাপে বিএনপির ডাকা হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার পাগলা বাজার বাসস্ট্যান্ডে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ।
মিছিলটি সন্ধ্যা সাড়ে ৬টায় পাগলা বাজারের পশ্চিমাংশ থেকে শুরু হয়। সরকার বিরোধী শ্লোগান দিয়ে বাজারের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বীরগাঁও রোডের সামনে এসে শেষ হয়। পরে এখানেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফারুক আহমদ।
ব্যক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ বলেন- বিএনপিসহ সমমানা কোনো দল প্রহসনের এই নির্বাচন মেনে নেয়নি, নেবে না। সুতরাং এ নির্বাচনকে প্রতিহত করতে হবে। এক দলীয় নির্বাচন, এক দলীয় শাসন এ দেশে কায়েম করতে আমরা দেবো না। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্দিদের মুক্তি দিয়ে নতুন তফসিল ঘোষণা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে যে গাজোয়ারার সারা দেশে সৃষ্টি হয়েছে, তাতে নতুন তফসিল ঘোষণা ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।
বিক্ষোভ মিছিলের সময় শান্তিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


