২৮ অক্টোবর নিয়ে শঙ্কিত নয় সরকার: পরিকল্পনামন্ত্রী

নির্বাচন যথা সময়েই হবে, সবার জন্য নির্বাচন উন্মুক্ত

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৩ 309 views
শেয়ার করুন
বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ২৭ তারিখও আসবে, ২৮, ২৯ এবং ৩০ তারিখও আসবে। আমরা কোনো সংকট বা শঙ্কা দেখছি না। আমি এখন আমার জন্মস্থানে আছি। এখানকার সাধারণ মানুষও কোনো সমস্যা দেখছেন না। সুতরাং ২৮ অক্টোবর নিয়ে আমাদের সরকার মোটেও শঙ্কিত নই। অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে এ দিনও চলবে। ভন্ডুল করে দেবো, থাকতে দেবো না এসবের মধ্যে আমরা নাই। যে দেশ আমরা স্বাধীন করেছি সে দেশ আমাদের দেশ আমরাই চালাবো। ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এ দেশ। যখন লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছিলেন তখন কোনো মোড়ল দেশ আমাদের সাথে ছিলো না।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের আওতায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে দ্বিতল বিশিষ্ট কমিউনিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পরে সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আশ্রয়ন প্রকল্প-২ বাস্তবায়ন উপলক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় যোগ দেন পরিকল্পনামন্ত্রী। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন, একটি দল আছে তারা শর্ত দেয় শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। আমরা বলে রাখি, নির্বাচন যথা সময়েই অনুষ্ঠিত হবে। যেসব দল আইনানুগভাবে বৈধ, নিবন্ধিত এবং নির্বাচন কমিশন যাদের লাইসেন্স দিয়েছে তাদের সবার জন্য নির্বাচন উন্মুক্ত। তাদেরকে বাঁধা দেওয়ার প্রশ্নই উঠে না। নির্বাচন হবে আমাদের দেশে। এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথিবীর দুইশ রাষ্ট্রের প্রধানগণ সম্মান করেন। অমুক তমুক দেশের বারান্দায় ঘুরে নির্বাচন বানচাল করতে পারবেন না। দেশে দেশে না ঘুরে তৃণমূলের জনগণের কাছে আসেন। তাদের সাথে সম্পর্ক তৈরি করেন। আমেরিক, ইংল্যান্ড, ভারত আর চীন দিয়ে ক্ষমতায় বসতে পারবেন না। ক্ষমতার মালিক এদেশের সাধারণ মানুষ। তাদের রায় আপনাদের পক্ষে থাকলে তারাই আপনাদের ক্ষমতায় বসাবে। বাইরের দেশগুলো আমাদের বন্ধু। তারা সিদ্ধান্ত দিতে পারবে না। সিদ্ধান্ত দেওয়ার মালিক এদেশের সাধারণ মানুষ।
মন্ত্রী বলেন, গায়ের জোরে, বন্দুক ঠেকিয়ে দুই স্বৈরাচারী শাসক এদেশে প্রায় ২০ বছর ক্ষমতায় বসেছিলো। আমি সেসময় এনজিও, ইউএনও, ডিসি সবই দেখে এসেছি। বিএনপি-জাতীয়পার্টির সময় ডিসি ছিলাম। কই, কোথাও তো একজন অসহায় মানুষকে একটি ঘর তৈরি করে দিতে দেখিনি? শেখ হাসিনার সরকার সারা বাংলাদেশে খুঁজে খুঁজে অসহায় ভূমিহীনদের বের করে পাকা ঘর তৈরি করে দিচ্ছে। এসব উন্নয়ন বাংলাদেশে আর কোনো সরকারই করেনি। চ্যালেঞ্জ নিয়ে শেখ হাসিনা কাজগুলো করে যাচ্ছেন। তিনি ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে একটি পরিবারও ভূমিহীন আর গৃহহীন থাকবে না। দেশে অনেক কিছুই দরকার। প্রধানমন্ত্রী এসব করে যাচ্ছেন। দেশে আরও সড়ক দরকার, কালভার্ট, সেতু, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিদ্যুত, টেকনিক্যাল শিক্ষাসহ কত কিছুর দরকার। সরকার এসব করছে, আরও করবে। এজন্য সরকারকে উন্নয়ন করার সুযোগ দিতে হবে।
মন্ত্রী মান্নান বলেন, আমি হাওরের মানুষ। হাওরের জন্য কাজ করে থাকি। সারা দেশে কী পরিমান উন্নয়ন হয়েছে তা আমাদের সুনামগঞ্জের দিকে তাকালেই অনুমান করা যায়। আমরা উন্নয়ন করি। সামনে নির্বাচন এসেছে। আমিও আপনাদের কাছে আবার আসবো ভোট চাইতে। দয়া করে ন্যায় বিচার করবেন। সরকার যদি সামান্য উন্নয়নও করে থাকে তাহলে সেই বিবেচনা মাথায় রেখে নৌকায় ভোট দিবেন বলে আশা করছি।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা। সহকারি কমিশনার (ভূমি) ছকিনা আক্তারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু ও শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপকারভোগী সদস্যগণ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।