সিলেটের বিয়ানীবাজারে ভাসুরের ছুরিকাঘাতে গৃহবধূ খুন

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৩ 377 views
শেয়ার করুন

সিলেটের বিয়ানীবাজারে জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে ভাসুরের ছুরিকাঘাতে খুন হয়েছে এক গৃহবধু। ১১ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার প্রত্যন্ত পল্লী আলীনগর ইউনিয়নের পূর্ব খলাগ্রামে এ ঘটনাটি ঘটে।

 

নিহত স্বপ্নারা বেগম ঘাতক শফিক মিয়ার ছোট ভাই দুবাই প্রবাসী মলিক মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি পাশ্ববর্তী চারখাই ইউনিয়নের ডেলাখানি গ্রামে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেছেন। থানা পুলিশ অভিয়ান চালিয়ে পালিয়ে যাওয়া ঘাতক ভাসুর শফিক মিয়া কে গতকাল রাতে গ্রেফতার করেছে।

 

জানা যায়, ভাসুর শফিক মিয়ার সাথে বাড়ির জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে পারিবারিক বিরোধ চলে আসছে স্বপ্নারা বেগমের। ঘটনার দিন সকাল ১০টার দিকে নিজের ঘর নির্মাণের জন্য ছোট ভাই প্রবাসী মলিক মিয়ার ঘরের একটি লিন্টারের কিছু অংশ ভেঙ্গে ফেলেন শফিক মিয়া। এ নিয়ে ভাসুর শফিক মিয়ার সাথে গৃহবধু স্বপ্নারা বেগমের বাগবিতণ্ডা ঘটে। এক পর্যায় শফিক মিয়া ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে স্বপ্নারা বেগমকে কোপ দিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে নিজ স্ত্রী সন্তান কে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত গুরুতর আহত গৃহবধু স্বপ্নারা কে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এই ঘটনায় নিহতের পিতা আরব আলী বাদী হয়ে ঘটনার দিন রাতে শফিক মিয়া ও তার স্ত্রী পুত্রসহ ৩ জনকে আসামি করে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন, মামলা নং ১১। বিয়ানীবাজার থানা পুলিশ অভিয়ান চালিয়ে ঐরাতেই পাশ্ববর্তী জকিগঞ্জ উপজেলা থেকে পলাতক ঘাতক শফিক মিয়া কে গ্রেফতার করেছে।

 

এ বিষয়ে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদুল আমিন জানান, পারিবারিক বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে বাগবিতণ্ডার একপর্যায়ে ভাসুরের ছুরিকাঘাতে গৃহবধু মারা যান। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য ওসমানি হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। অভিযুক্ত প্রধান আসামীকে গতকাল রাতে গ্রেপ্তার করছে থানা পুলিশ।